বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
জাতীয়
জাতীয়

জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

Published: November 12, 2026 at 02:03 PM
জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।


এ ছাড়া সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।