গোমস্তাপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শুভ ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে বেইলি ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শুভ ইসলাম গোমস্তাপুর উপজেলার অজগরা বাঙ্গাবাড়ী এলাকার মোঃ কাইদুল ইসলাম ও তাজকেরা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আকরাম হোসাইন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শুভ ইসলামকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।