চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া সার পরিবহনের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকা থেকে এসব সার ও পিকআপ আটক করা হয়।
গোমস্তাপুর থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাতে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় আড্ডা থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্র পিকআপে তল্লাশি চালিয়ে ৬২ বস্তা ডিএপি ও ৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের জাহাঙ্গীর আলম ও পিকআপচালক আলম আলিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, নওগাঁর সাপাহার উপজেলার দিঘার বাজার থেকে সার নিয়ে শিবগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন তাঁরা। তবে সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে সারসহ পিকআপটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। আদালত জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা ৬৭ বস্তা সার গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের জিম্মায় দেওয়া হয়।
গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের জিম্মায় সারগুলো হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও উপজেলা কৃষি বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।