চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারী চাষে ৯ হাজার ৪২৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারী চাষে ৫০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রহনপুর পৌরসভায় রয়েছেন ৯১০ জন কৃষক।
এ ছাড়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে গোমস্তাপুর, রাধানগর ও বাঙ্গাবাড়ি ইউনিয়নে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং চৌডালায় ৮৩৫ জন কৃষক এ প্রণোদনা পাচ্ছেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারী চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বরাদ্দ রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। সময়মতো উন্নতমানের বীজ ও সার পেলে কৃষকরা সরিষা, মসুর ও খেসারীর আবাদ বাড়াতে পারবেন। এতে একদিকে ফসলের উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।