কয়েক দিনের টানা ও থেমে থেমে চলা বৃষ্টিতে গোমস্তাপুর উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করলেও ঠিক ধান কাটার ভরা মৌসুমে এমন বৈরী আবহাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে যেসব জমিতে পাকা ধান কেটে রাখা হয়েছিল, বৃষ্টির পানিতে তা ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবার অনেক জমিতে জমে থাকা পানিতে তলিয়ে ও হেলে পড়েছে দাঁড়িয়ে থাকা ধান। এতে একদিকে যেমন ধান কাটা, শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে রহনপুর পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমিতে পানি জমে গেছে। বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু ও বিলসংলগ্ন জমিগুলোতে পানি আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় সেই ধান যেমন শুকানো যাচ্ছে না, তেমনি পানিতে ভিজে শীষ থেকে ধান ঝরে যাওয়া ও চাল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
রহনপুর ইউনিয়নের কৃষক আতিক বাবু জানান, তার ৫ বিঘা জমির ধান কাটার কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ধান মাঠেই পড়ে আছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না; আর যারা রাজি হচ্ছেন, তারা বাড়তি মজুরি দাবি করছেন। সব মিলিয়ে কাটা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন বলে জানান। তিনি আরও বলেন, হঠাৎ বৃষ্টির কারণে কাটা ধান মাঠেই পড়ে গেছে। রোদ নেই, আকাশ মেঘলা থাকায় ধান শুকানো যাচ্ছে না। এমন অবস্থায় শ্রমিক পাওয়া যাচ্ছে না।