ভোলাহাটে উপজেলা ক্রীড়া সংস্থার ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলামের স্বাক্ষরে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। এছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ হাতেম ও গোলাম কবীর, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আসলাম বেগ ও সেলিম রেজা এবং কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান নির্বাচিত হয়েছেন ।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আনোয়ারুল হক, আনোয়ার হোসেন, সৈয়দ রায়হান আলী, মোহাম্মদ আব্দুর রকিব, তাজমুল হক, মনিরুল ইসলাম, মোজাহিদুল হক ও আনোয়ার পারভেজ আদিত। সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোসেফেরা আক্তার ও দিলারা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেন বলেন, ভোলাহাট উপজেলার ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ ও গতিশীল করতে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।
এসময় দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজউদ্দিন পানু মিঞাসহ ক্রীড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।