চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৎ ছেলে মো. আশিকের (২৪) ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী। আশিক বাবুল হোসেনের প্রথম পক্ষের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাবুল হোসেনের বাড়িতে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় তাঁরা আয়েশা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, আয়েশার পেটে চারটি এবং হাত ও চোখে একটি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আশিক ঢাকায় থাকেন। তবে তিনি প্রায়ই বাড়িতে এসে বাবা-মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চাইতেন এবং এ নিয়ে কলহে জড়াতেন বলে জানা গেছে।
ওসি আরও বলেন, ঘটনার সময় বাড়িতে আয়েশা, তাঁর আড়াই বছরের শিশু সন্তান ও আশিক ছাড়া আর কেউ ছিলেন না। তবে ঠিক কী কারণে আয়েশাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর আশিক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।