ভোলাহাট উপজেলা থেকে আব্দুল আওয়াল নামে এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভোলাহাটের ঝাউবোনা গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে। আওয়াল কৃষিকাজ করতেন এবং গাছ ব্যবসায় জড়িত ছিলেন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে আওয়াল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত তিনি আর বাড়ি ফেরেন নি। আজ সকাল সাড়ে ৬টার দিকে ভোলাহাটের গোহালবাড়ি ইউনিয়নের হলদে-গাছি মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল সহ তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখে আঘাতপ্রাপ্ত ও রক্তাত্ব থেথলানো মরদেহ, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ - ওসি আব্দুল বারিক জানান, আওয়ালের স্ত্রী নাসরিন বেগমের দাবি, তাঁর স্বামী রাত থেকে সকালের মধ্যে কোন এক সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। কিন্তু ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আওয়ালের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।