ভোলাহাট উপজেলার খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ বিকেল ৪টার দিকে ভোলাহাট- শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজুল ইসলাম ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মৃত আমিনের ছেলে।
আহতরা হলেন মোটরসাইকেল চালকসহ আরোহী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের আনোয়ারের ছেলে শুকুর আলী (৩২) এবং বালুগ্রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সানি (২৬)।
স্থানীরা জানান, তোফাজুল ইসলাম বাইসাইকেলে করে কলার বাগানে যাচ্ছিলেন। পথে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনসহ মোট তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল অজিদ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে হাসপাতালে নেয়ার পথে মুশরীভূজা নামক স্থানে তোফাজুল ইসলামের মৃত্যু হয়।
এব্যাপারে ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় দায়িত্বরত পুলিশ অফিসার এসআই বশির জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে এইমাত্র খবর পেলাম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।