সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 16, 2026
বিনোদন
বিনোদন

সত্যজিতের চার গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন ছেলে সন্দীপ রায়

Published: November 16, 2026 at 12:45 PM
সত্যজিতের চার গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন ছেলে সন্দীপ রায়

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায় এক কিংবদন্তি নাম। নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও গল্পকার হিসেবেও তার জনপ্রিয়তা কম নয়। তার লেখা গল্পে কখনো রহস্য, কখনো অদ্ভুতুড়ে ঘটনা, আবার কখনো মানুষের মনের নানা দিক উঠে এসেছে। বাবার সেই সাহিত্যজগৎ ফের সেলুওয়েডে আনতে যাচ্ছেন ছেলে সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। ভারতীয় একটি বাংলা সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ ও ‘নীল আতঙ্ক’ থেকে নির্মাণ করা হবে সিনেমাটি।


নন্দী মুভিজের প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমায় অভিনয় করবেন টালিউডের একঝাঁক পরিচিত মুখ। জানা গেছে, সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জিকে। সত্যজিৎ রায়ের সৃষ্টি জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘ফেলুদা’-র বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে প্রধান দুই চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা।  এছাড়াও থাকছেন শুভাশিস মুখার্জি, কৌশিক গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, সুপ্রিয় দত্ত, কৌশিক ব্যানার্জির মতো অভিনেতাদের।


ছবিটি প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী। এই সিনেমার প্রতিটি গল্পেই থাকছে আলাদা চরিত্র ও ঘটনা। নতুন সিনেমা প্রসঙ্গে সত্যজিৎপুত্র সন্দীপ রায় বলেন, ‘বহুদিন ধরেই ইচ্ছা ছিল আবার ছোটগল্প নিয়ে কাজ করার। মাঝখানে অনেকটা সময় ছোটগল্প নিয়ে কাজ করা হয়ে ওঠেনি। এর আগে ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’-এর মতো ছবি করেছি। টেলিভিশনের জন্যও বেশ কিছু ছোটগল্প নিয়ে কাজ করেছি। তবে আবার নতুন করে ছোটগল্প নিয়ে কাজ করার ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে।'