বহুদিন পর সিনেমার শুটিংয়ে ফিরেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। নতুন সিনেমার গল্প শুনে চরিত্রটি পছন্দও হয়েছিল তার। কিন্তু, পরিচালক মোহাম্মদ ইকবাল যখন চরিত্রটির জন্য তাকে অনিল কাপুরের মতো দেখতে চাওয়ার কথা জানালেন, তখনই ঘটে মজার ঘটনা। পরিচালকের এমন মন্তব্যে রীতিমতো হা করে তাকিয়ে ছিলেন জয়।রবিবার ১৫ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে শুটিংয়ের অভিজ্ঞতা ও পরিচালকের সঙ্গে কথোপকথনের মজার ঘটনা তুলে ধরেছেন তিনি। ফেসবুক পোস্টে জয় লেখেন, “নসিব। বহুদিন পর ফিল্মের শুটিং করছি। পরিচালক মোহাম্মদ ইকবাল আমাকে যখন গল্প শোনায় আমার চরিত্রটি পছন্দ হয়। তারপর হঠাৎ তিনি বলে ওঠেন আপনাকে দেখতে চাই অনেকটা অনিল কাপুরের মত। তখন আমি হা করে পরিচালকের দিকে তাকাই। এবং বলি গল্প পছন্দ হয়েছে। আমি আপনার সিনেমাটা করছি এ পর্যন্ত সবই ঠিক ছিল, হঠাৎ অনিল কাপুরের নাম নিলেন কেন পরিচালকও অবশ্য পরিস্থিতি সামলে নিয়ে স্মার্টলি উত্তর দেন, “না মানে আপনার বয়সটা বোঝানোর জন্য।” জয়ের জবাব, “বললাম ঠিক আছে। বয়স হয়েছে এটা বুঝেই অভিনয় করব। পরিচালক ও অভিনেতার এই কথোপকথন বেশ মজার। বয়স নিয়ে নিজের অবস্থানও রসিকতার ছলে প্রকাশ করেছেন জয়। দীর্ঘদিন পর বড় পর্দার কাজে ফেরা নিয়ে তার এই পোস্টে নতুন সিনেমা ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।
মোহাম্মদ ইকবালের ‘নসিব’ ঘিরে যত আয়োজন
মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ নিয়ে এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা চলছে। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হচ্ছে রোমান্স ও অ্যাকশনধর্মী সিনেমাটি। প্রথম ধাপের শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। দ্বিতীয় ধাপের শুটিংয়ের জন্য নির্মাতা দল বগুড়ায় কাজ শুরু করেছে। সিনেমাটিতে বলিউডের অভিনেতা মুকেশ ঋষিকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। বাংলাদেশের সিনেমায় এটিই তার প্রথম কাজ। সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।
ওটিটিতেও ব্যস্ত জয়
এদিকে, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন শাহরিয়ার নাজিম জয়। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া ও নাসির উদ্দিন খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্মে তার নতুন লুকও দর্শকদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নির্মাণেও পরিচিত জয়। এবার ‘নসিব’-এর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তার রসাত্মক পোস্ট নতুন করে আলোচনায় এনেছে অভিনেতাকে। পরিচালকের কাছে বয়সের স্বীকৃতি পাওয়া নিয়ে তার এই মজার স্বীকারোক্তি ভক্তদের জন্যও বাড়তি বিনোদন হয়ে উঠেছে।