বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে লোকসংগীত ও গম্ভীরা পরিবেশিত হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন ও শিশুদের অধিকার বিষয়ে আলোচনা করা হয়। আজ চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (ঝঝইঈ) প্রকল্পের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক। এসময় প্রকল্পের সহকারিগণ,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গম্ভীরা পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, েেডঙ্গু প্রতিরোধে করণীয়, শিশু নির্যাতন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের অধিকার ও সুরক্ষার আইনগত বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয় লোকসংস্কৃতির জনপ্রিয় এই মাধ্যম ব্যবহার করে হাস্যরস, সংলাপ ও সংগীতের মাধ্যমে সামাজিক সমস্যাগুলো সহজভাবে উপস্থাপন করা হয়।
বিশেষ করে বাল্যবিবাহের কারণে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও আলোচনা করা হয়। এ সময় মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী যত্ন, শিশুর পুষ্টি, স্বাস্থ্যসম্মত পরিচর্যা এবং শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পরিবারের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।
অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান নুরুল হক বলেন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে হবে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।