স্বল্পদৈর্ঘ্য বিরতির পর পরিচালক দেওয়ান নাজমুল অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ অবলম্বনে ‘শিশির ভেজা চোখ’ নামে একটি ছবি নির্মাণের কাজে হাত দিয়েছেন। ইতোমধ্যেই ঢাকা জেলার শ্রীনগরে ছবিটির কাজ শুরু হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-রাজরিপা, শিপন মিত্র, সাব্বির আহমেদ, বদ্দা মিঠু, শিবা শানু, শিরীন আলম, রেশমী, ববি, জ্যাকি, ফিরোজ আলম, নৈরিতা এবং অধরা চৌধুরী সহ আরো অনেকে।
এর আগে পরিচালক দেওয়ান নাজমুল যৌথ প্রযোজনায় সীমারেখা ছবিটি ছাড়াও নিজস্ব প্রযোজনায় ‘নাকফুল’ ও ‘তোরে কত ভালোবাসি’ ছবি নির্মাণ করেন। নির্মাণ করেছেন বেশ কিছু নাটকও।
ছবিটি পরিচালনা ছাড়াও চিত্রনাট্য, সংলাপ সংযোজন এবং গীত রচনা করেছেন পরিচালক নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন তপন আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করছেন আলাউদ্দিন হক ও আলী আশরাফ।
‘শিশির ভেজা চোখ’ সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সম্পাদক মো. শহিদুল হক। এমপ্যাথী প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত এই ছবিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মো. আলমগীর হোসেন।