রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কামরুজ্জামান (২২)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
এসআরবি-৫ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখড়বোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওগাঁর মান্দা থানার মোরশিদপুর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, কামরুজ্জামানের বিরুদ্ধে নওগাঁয় দায়ের করা সিআর মামলা নম্বর-৩১/২৬-এর পরিপ্রেক্ষিতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বসবাস করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।