রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এসআরবি-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি আইন অমান্য করে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সুজন পলান, মো. সানি, বাবু দাশ, আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও মোছা. রিনা পারভিন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাসহ এসআরবি-৫-এর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সাতজনকে কারাদণ্ডের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন।