নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দারুণ লড়াই করেছে বাংলাদেশ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিলেন ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনরা। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ ভারতের বিপক্ষে ম্যাচ নিজেদের করে নিতে পারেনি মারিয়া-ঋতুপর্ণারা।
ম্যাচের ১২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার বাড়ানো বলে তহুরা পা ছোঁয়াতে না পারায় এগিয়ে যাওয়া হয়নি। দুই মিনিট পর আবারও সুযোগ আসে, কিন্তু বক্সের ভেতরে বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি তহুরা। এরপর ভারতও কয়েকটি আক্রমণ গড়ে তুললেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মিলি দারুণভাবে সামাল দেন।
তবে ৪২ মিনিটে ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় ভারত। পেয়ারিজাদা একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান। গোল হজমের পরপরই সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। যোগ করা সময়ে সেই চেষ্টার সফলতাও আসে। তহুরার নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে দারুণ ফিনিশে গোল করেন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফের আধিপত্য বাড়ায় ভারত। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ফলে ৩-১ গোলের জয় নিয়ে ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় ভারত।
এর আগে ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল। এবারও ইতিহাস গড়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।