‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৬ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।
এদিকে, নাচোল পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার নেতৃত্বে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আরেকটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। প্রতি শনিবারের নিয়মিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
অপরদিকে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আরও একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।