সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

Published: November 02, 2026 at 11:51 AM
ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকার সড়কে ছোট একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে উড়োজাহাজটি আছড়ে পড়ার সময় সড়কে থাকা কোনও ব্যক্তি হতাহত হননি বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। দুর্ঘটনাটি ঘটে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো অবকাশকেন্দ্র থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ছয় লেনের মিলিটারি ট্রেইল সড়কে উড়োজাহাজটি আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, উড়োজাহাজটির নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।


দুর্ঘটনাস্থলের ছবিতে সড়কের মাঝখানে বড় গর্ত, ছড়িয়ে-ছিটিয়ে থাকা উড়োজাহাজের ধ্বংসাবশেষ এবং আগুনের চিহ্ন দেখা গেছে। সংঘর্ষে এলাকার পানি সরবরাহ লাইনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি অন্তত ৩০ দিন বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিরাপত্তার কারণে কাছের একটি মোবাইল হোম পার্কের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের রেকর্ড করা কথোপকথনে দুর্ঘটনার আগে উড়োজাহাজটির পাইলটকে মাঝারি মাত্রার ঝাঁকুনি ও বরফ জমার পরিস্থিতি মোকাবিলার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি উড়োজাহাজটির উচ্চতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান।


পরে প্রতি মিনিটে ১০ হাজার ফুট এবং এরপর ২০ হাজার ফুট গতিতে নিচে নেমে আসার কথা জানিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। শেষদিকে তাকে বলতে শোনা যায়, “আমাদের হাতে আর সময় নেই।” এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে এফএএর একটি দল কাজ করবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী ডাফি। দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড় ও ভারী বৃষ্টি হচ্ছিল। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে ট্রাম্প মার-এ-লাগো থেকে কাছের একটি বিমানবন্দর দিয়ে এয়ার ফোর্স ওয়ানে করে রওনা হয়েছিলেন। তবে দুর্ঘটনার সঙ্গে তার সফরের কোনও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।