বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিলেটের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘বুরু চেতান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও প্রতারনার ৪ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত সম্পর্ক ভেঙে গেলে উৎসব করে উদযাপন করা উচিত: জেনিফার লোপেজ পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’
Printed on: July 02, 2026
July 02, 2026
জাতীয়
জাতীয়

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Published: July 02, 2026 at 11:46 AM
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও প্রতি লিটারে কমছে ১২ টাকার বেশি। আজ  বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করেন বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকেই দেশজুড়ে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায় দেশীয় বাজারে এই মূল্য হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে কমিশন


এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার ঠিক ১৭ দিন আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ, মাত্র দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। পরবর্তীতে জুন মাসে সামান্য কমিয়ে ১,৮৮৫ টাকা এবং অটোগ্যাসের দাম ৮৬.৯৩ টাকা করা হয়। আজকের বড় ছাড়ের পর ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই দেশের এলপিজি খাতে এক ধরনের অরাজকতা চলছে এবং বিক্রেতারা ইচ্ছেমতো দাম আদায় করছেন। উদাহরণস্বরূপ, গত মার্চ মাসে বিইআরসি নির্ধারিত মূল্য ১,৩৪১ টাকা থাকলেও বাজারে ১২ কেজির সিলিন্ডার ১,৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রির রেকর্ড রয়েছে।


গ্রাহকদের অভিযোগ, বাজারে এলপিজি সংকটকে পুঁজি করে আমদানিকারকদের একের পর এক সুবিধা দেওয়া হয়েছে। তাদের আমদানি সীমা বাড়ানো, কর কমানো, এলসি ঋণ সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক ফ্রেইট চার্জও প্রতি টনে ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করা হয়েছিল। আমদানিকারকদের সুবিধার্থে ঋণে এলসি খোলার অনুমতি দেওয়া হলেও সাধারণ বাজারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।


উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দর ঘোষণা করেছিল বিইআরসি। নিয়ম অনুযায়ী, সৌদি আরবের কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি)-কে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এলপিজির দাম সমন্বয় করা হয়। তবে ফ্রেইট চার্জ, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন পরিবর্তন করতে হলে নিয়ম অনুযায়ী গণশুনানির প্রয়োজন হয়। সেই থেকে প্রতি মাসেই নিয়মিতভাবে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।