বাংলাদেশের জনপ্রিয় সাঁওতালী ব্যান্ড ‘সেঙ্গেল’-এর নতুন মিউজিক ভিডিও ‘বুরু চেতান’ বুধবার রাত ৮টায় আর্ট এক্সপ্রেস-এর সৌজন্যে প্রকাশিত হয়েছে। ভিডিওটি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।
‘বুরু চেতান’ গানটির কথা ও সুর রচনা করেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‘বাংলাদিশাম মজ দিশাম’-এর স্রষ্টা রেভারেন্ড যোনা মূর্মূ। গানটির বাংলা অর্থ দাঁড়ায়— “পাহাড়ের চূড়ায় বাতাসে গাছপালা দুলছে, সেই বাতাসের শব্দ যেন বাঁশির সুর হয়ে বেজে ওঠে।” রেভা. যোনা মূর্মূ জানান, ১৯৭০-এর দশকে বান্দরবনের ফারুকপাড়া এলাকায় অফিসের কাজে গিয়ে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য ও বাতাসের সুরেলা শব্দ থেকেই গানটি রচনার অনুপ্রেরণা পান। নতুন প্রজন্মের জন্য গানটি নতুনভাবে উপস্থাপনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
এর আগে বাংলাদেশ বেতারসহ বিভিন্ন মঞ্চে গানটি পরিবেশিত হলেও এবার নতুন সংগীতায়োজন ও ভিডিও নির্মাণের মাধ্যমে গানটিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে ‘সেঙ্গেল’ ব্যান্ড। ব্যান্ডটির সদস্যদের মতে, এটি ঝুমুর তালের একটি শ্রুতিমধুর দেশাত্মবোধক গান, যা তরুণদের কাছেও সমানভাবে সমাদৃত হবে।
মিউজিক ভিডিওটির বিশেষ আকর্ষণ হলো, এটি সিলেট অঞ্চলের সাঁওতাল ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ভিডিওতে সিলেটের পাহাড়, চা-বাগান, নদী-নালা ও স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে। ব্যান্ডের সদস্যরা জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও সিলেটে বসবাসরত সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, কোল, মাহলেসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই ছিল তাদের অন্যতম লক্ষ্য।
ভিডিওটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আগষ্টিন মূর্মূ ও শিখা ক্লারা টুডু। পাশাপাশি নৃত্যে অংশ নিয়েছেন সিলেট অঞ্চলের স্থানীয় আদিবাসী শিল্পীরা।
অভিনেতা আগষ্টিন মূর্মূ বলেন, দীর্ঘ সাত বছর পর ‘সেঙ্গেল’ ব্যান্ডের সঙ্গে আবারও কাজ করতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, দেশপ্রেমের আবহে ভালোবাসার গল্প, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে মিউজিক ভিডিওটি ভিন্নমাত্রা পেয়েছে।
আদিবাসী সাঁওতাল সমাজ কল্যাণ পরিষদ, মৌলভীবাজারের সভাপতি দুলাল হাঁসদা বলেন, সিলেট অঞ্চলে ভিডিওটির চিত্রায়ণ এবং স্থানীয় ছেলে-মেয়েদের অংশগ্রহণে তারা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গানটির নৃত্যপরিচালনা করেছে আদিবাসী নৃত্যদল রাহালা রিমিল। ভিডিওগ্রাফি করেছে আর্ট এক্সপ্রেস এবং সংগীত প্রযোজনা করেছে Shofar Studio। ঐতিহ্যবাহী সাঁওতাল পোশাক সরবরাহে সহযোগিতা করেছে সানাম হেরিটেজ। এছাড়া গ্রাম বিকাশ কেন্দ্র, ত্রিসূল সমাজ কল্যাণ সংস্থা, এমএইচ এগ্রো ও সান্তালী ক্যানভাস মিউজিক ভিডিওটির পৃষ্ঠপোষকতা করেছে।
বর্তমানে ‘সেঙ্গেল’ ব্যান্ডের সদস্যরা হলেন রিংকু ইমানূয়েল মার্ডী (ভোকাল), হিমসন কিস্কু (ভোকাল ও গিটার), কামেল মার্ডী (দোতরা ও বাঁশি), শিমুল মার্ডী (মাদল ও ঢোল), ইলিয়াস মুর্মু (ড্রামস) এবং জন হেম্ব্রম (গিটার)। এছাড়া শ্যামল হেম্ব্রম, কাঞ্চন সরেন ও সুকমল হাঁসদাও ব্যান্ডটির সঙ্গে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন।
সাঁওতাল ঐতিহ্য, সংস্কৃতি ও দেশপ্রেমের আবহকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘বুরু চেতান’ মিউজিক ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।