বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিলেটের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘বুরু চেতান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও প্রতারনার ৪ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত সম্পর্ক ভেঙে গেলে উৎসব করে উদযাপন করা উচিত: জেনিফার লোপেজ পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’
Printed on: July 02, 2026
July 02, 2026
জাতীয়
জাতীয়

নদ-নদীর পানি বৃদ্ধি: তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

Published: July 02, 2026 at 10:57 AM
নদ-নদীর পানি বৃদ্ধি: তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ার নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাই ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এ সময় নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


ভারী বৃষ্টির পূর্বাভাস

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী এবং রংপুর, সিলেট ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


নদ-নদীর পরিস্থিতি

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানির স্তর বেড়েছে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা অববাহিকার নদ-নদীর পানিও বাড়ছে এবং আগামী পাঁচ দিন তা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে সেগুলোও বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।


সিলেটে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির স্তর আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। এ সময় সিলেট ও সুনামগঞ্জে নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


রংপুর ও ময়মনসিংহেও ঝুঁকি

রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধরলা, দুধকুমার ও তিস্তা অববাহিকার নদীগুলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিভিন্ন স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুগাই ও কংস নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিনে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীগুলো সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


চট্টগ্রামের নদীগুলোতেও পানি বাড়তে পারে

চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি ইতিমধ্যে বেড়েছে। আগামী তিন দিনে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।