শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 20, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম সন্দেহভাজন রোগী, নতুন ভর্তি ৮

Published: June 20, 2026 at 03:25 PM
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম সন্দেহভাজন রোগী, নতুন ভর্তি ৮

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নতুন করে আরও ৮ জন হাম সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার সিভিল সার্জন কার্যালয়ের হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিলেন ৯ জন। নতুন করে আরও ৮ জন ভর্তি হলেও একই সময়ে কাউকে সুস্থ হয়ে ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় এখন পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ শিশুর মৃত্যু হয়েছে, যা স্বাস্থ্য বিভাগকে উদ্বিগ্ন করে তুলেছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্টজনিত তীব্র সংক্রমণ নিয়েও শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৫ জন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে শিশু রয়েছে।

শনিবার জেলা হাসপাতালের শ্বাসকষ্ট বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, প্রচণ্ড গরমে শিশুদের নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। অতিরিক্ত ঘামের কারণে ঠান্ডাজনিত সমস্যা, শরীরে র‌্যাশ ও ঘামাচি দেখা দিতে পারে। তাই এ সময় শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “এই গরমে শিশুদের সুস্থ রাখতে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের আরও বেশি সতর্ক ও যত্নবান হতে হবে।”