সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আয়োজিত ভূমিসেবা বিষয়ক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি জায়গায় লিজ ছাড়া কারও থাকার সুযোগ নেই। অবৈধভাবে সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানিতে তিনি জনগণের বিভিন্ন অভিযোগ, মতামত ও সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংশোধন ও জমির রেকর্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
পরে জেলা প্রশাসক ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন এবং উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও হিয়ারিং এইড বিতরণ করেন।