চাঁপাইনবাবগঞ্জে মসলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।
বুধবার বিকেলে পৌর এলাকার টিকরামপুরে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আব্দুল হালিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. আজিজুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মসলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলতে পারে।
মাঠ দিবসে বিভিন্ন মসলাজাতীয় ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন অতিথি ও কৃষকরা। প্রদর্শনী দেখে স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।