গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী - বিএসএফ| আজ ভোর ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওই সীমান্তের ২০৩/৬-আর পিলারে বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার সময় এই ঘটনা ঘটে| বর্তমানে ২৮ জনই ভারতীয় শূণ্য লাইনে অবস্থান করছে| এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে| ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন| বিজিবি জানায়, আজ দিবাগত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা সংবাদ পেয়ে ওই সীমান্ত এলাকায় যায়| তারা জানতে পারেন ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২০৩/৬-আর পিলারে কাছ দিয়ে ২৮ জন ব্যক্তি বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে| পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে| বর্তমানে তারা ওই সীমান্তে অবস্থান করছে|
বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে| ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানায়, ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে| ২৮ জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে| একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে| এদিকে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম হোসেন বলেন, বিজিবি বিষয়টি তাকে অবহিত করেছেন| ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং বেড়ার গেট খুলে তাঁদের ঠেলে দেয় বিএসএ্যফ| চেয়ারম্যান আরও বলেন, তাঁদের মধ্যে সাতক্ষীরা, খুলনা, নরসিংদি, জামালপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দারা রয়েছেন|
অন্যদিকে, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ - ওসি নূরে আলম বলেন, পুলিশ ঘটনা সম্পর্কে অবগত| এ ব্যাপারে নজর রাখা হচ্ছে| এখনও পুশইন ঘটে নি| ফলে বিজিবি তাদের পুলিশে দেয় নি| গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, ঘটনাটি তিনি জানতে পেরেছেন| এ ব্যাপারে সীমান্তে দুই বাহিনী কাজ করছে| এছাড়া, আজ দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত শূণ্য রেখাতেই অবস্থান করছিলেন ওই ২৮ জন|