চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চারজন এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৩৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, চারজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে তিনজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১১০ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালভিত্তিক হিসাবে, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শনিবারের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় জেলায় সরকারি হাসপাতালগুলোতে মোট ৩ হাজার ৮১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৩ হাজার ১৬২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৭ জন, গোমস্তাপুরে ২০৩ জন, নাচোলে ১১২ জন এবং ভোলাহাটে ১২৯ জন ভর্তি হন।
এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে আরও ২ হাজার ৪৩০ জন সাধারণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল থেকে ২১৮ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।