চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামরোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজন সন্দেহভাজন হামরোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা হাসপাতালের হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে হাসপাতালে ছয়জন ছেলে ও তিনজন মেয়েসহ মোট নয়জন সন্দেহভাজন হামরোগী ভর্তি ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনজন। ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৪ জনে।