রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 01, 2026
November 01, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ

Published: November 01, 2026 at 11:54 AM
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দুই যুবক পেলেন সুদমুক্ত ঋণ

গোমস্তাপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুই প্রশিক্ষিত যুবকের মাঝে মোট ১ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুলসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও যুব সংগঠনের সদস্যরা।

আলোচনা সভা শেষে দুই প্রশিক্ষিত যুবকের হাতে মোট ১ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। দক্ষ, আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী যুবসমাজ গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য তিনি যুবকদের আধুনিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।