বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 29, 2026
October 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

Published: October 29, 2026 at 09:09 AM
মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা যেন শেষ হওয়ার নয়। মাঠের লড়াই পেরিয়ে এবার ভক্তদের ভোটেও মুখোমুখি হলেন দুই মহাতারকা। শেষ পর্যন্ত আর্জেন্টাইন কিংবদন্তি মেসিকে পেছনে ফেলে সেরা মৌসুমের স্বীকৃতি জিতে নিয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো।  ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে উয়েফা ও ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর উদ্যোগে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ নামের বিশেষ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স নির্বাচিত হয়েছে সর্বকালের সেরা।


ব্যালন ডি’অরজয়ী ফুটবলারদের সেরা মৌসুম বেছে নিতে গত ১ অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভক্তদের জন্য প্রতি ভোটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ ইউরো (১৩৮ টাকা)। নির্ধারিত অর্থ ব্যয় করে একাধিকবার ভোট দেওয়ার সুযোগও ছিল। গত মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিজয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয় ব্যালন ডি’অরের ওয়েবসাইটে। 


আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, মোট ৪৪৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেন রোনালদো। অন্যদিকে মেসির ২০১২ সালের সেরা মৌসুম পেয়েছে ২৮১ পয়েন্ট। অর্থাৎ দুই কিংবদন্তির লড়াইয়ে ব্যবধান ছিল ১৬৫ পয়েন্টের।


রোনালদোর জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ২০০৭-০৮ মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্স। তখন তিনি খেলতেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে তার দল। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেন পর্তুগিজ তারকা। ব্যক্তিগত নৈপুণ্য ও দলীয় সাফল্যের সমন্বয়ে ওই মৌসুমেই প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বাদ পান তিনি।


অন্যদিকে মেসির ২০১১-১২ মৌসুমও ছিল রেকর্ডে মোড়ানো। বার্সেলোনার জার্সিতে একের পর এক গোল করে ফুটবল বিশ্বকে চমকে দেন আর্জেন্টাইন তারকা। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৯ ম্যাচে তার গোলসংখ্যা ছিল ৯১। এক পঞ্জিকাবর্ষে ৮৫ গোলের গার্ড মুলারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন তিনি। বার্সেলোনার হয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন মেসি। এর স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জেতেন তিনি।


তবে এবার সেরা মৌসুম নির্বাচনের লড়াইয়ে মেসির রেকর্ডগড়া পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছে রোনালদোর ২০০৮ সালের অর্জন। ব্যালন ডি’অরের ইতিহাসে একাধিকবার পুরস্কারজয়ী ১০ কিংবদন্তিকে নিয়ে এই ভোটের আয়োজন করা হয়।

তালিকায় ছিলেন আটবারের বিজয়ী মেসি, পাঁচবারের বিজয়ী রোনালদো, তিনবার করে ব্যালন ডি’অরজয়ী ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এ ছাড়া ছিলেন দুবারের বিজয়ী রোনালদো নাজারিও, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেড ডি স্টেফানো।


ভোটের ফলাফলে মেসি-রোনালদোর আধিপত্যও স্পষ্ট। সেরা ১২টি মৌসুমের সব কটিই জায়গা করে নিয়েছে এই দুই তারকার দখলে। তালিকায় ১৩তম অবস্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও, যিনি ২০০২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।


তবে এই ভোটাভুটি নিয়ে বিতর্কও কম হয়নি। ভোটে কারচুপির অভিযোগ ওঠার পর বিষয়টি নাকচ করে দেয় ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইট। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৯ জন ব্যবহারকারী একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬টি, ৩০০ জন পাঁচ থেকে নয়টি এবং ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারটি ভোট দেন।


আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এই বিশেষ স্বীকৃতির জন্য বিজয়ীকে আলাদা কোনো ট্রফি দেওয়া হবে না।


ট্রফি না পেলেও রোনালদোর জন্য এটি বিশেষ এক অর্জন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলে ভক্তদের ভোটে নিজের ক্যারিয়ারের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছেন তিনি। দুই তারকার তুলনা নিয়ে ফুটবলপ্রেমীদের বিতর্ক চলতেই থাকবে, তবে এই ভোটের ফলাফল নতুন করে উসকে দিল মেসি-রোনালদো দ্বৈরথের পুরোনো উত্তাপ।