এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার পাঞ্জাবে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে হেরেছে পিটার গেরহার্ডের দল। এর আগে সবশেষ এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের ব্যবধানও ছাড়িয়ে গেল। মাঠের লড়াইয়ে ভারতের আক্রমণের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি আশরাফুল-রোমানরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রীত সিং। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মানদ্বীপ সিং। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে থাকে ভারত। এ সময় গোল করেন আভিষেক ও নীলাকান্ড। তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল ও হারমানপ্রীতের আরেকটি গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ কোয়ার্টারে আরও চার গোল করে বড় জয় নিশ্চিত করে ভারত। ২০২১ সালে সবশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরে পঞ্চম হয়েছিল দলটি। দুই আসর পর আবারও এই প্রতিযোগিতায় ফিরেছে বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগে নিজেদের পরের ম্যাচে বৃহস্পতিবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান গেমসে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল আশরাফুল-জিমিরা।