বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
বিনোদন
বিনোদন

নতুন লুকে সাই পল্লবী !

Published: October 28, 2026 at 10:45 AM
নতুন লুকে সাই পল্লবী !

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ও কৌতূহলের শেষ নেই। একদিকে বলিউডের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’ ঘিরে নানা আলোচনার ঝড়, অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন ও শক্তিশালী এক রূপে পর্দায় হাজির হয়ে বাজিমাত করলেন এই তারকা। ধানুশ ও মেগাস্টার মাম্মুটির প্রতীক্ষিত সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ একজন দুর্ধর্ষ সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। 


সম্প্রতি প্রকাশ পাওয়া তার চরিত্রের প্রথম ঝলক (ফার্স্ট লুক) অনলাইনে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। সিনেমায় সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। প্রকাশ্যে আসা ভিডিও চিত্রে দেখা যায়, তিনি লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদঘাটনে এক জটিল তদন্তে নেমেছেন। অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের মেয়ে নিত্যার রয়েছে বনাঞ্চলের সঙ্গে গভীর আবেগের টান। 


তার বাবা ছিলেন ভারতীয় বন কর্মকর্তা, যিনি জঙ্গল রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বাবার সেই আত্মত্যাগ আর বনের প্রতি নাড়ির টান নিত্যা চরিত্রটিকে দিয়েছে এক অনন্য উচ্চতা ও দৃঢ়তা। ধানুশ ও সাই পল্লবী জুটিকে পুনরায় একসঙ্গে দেখতে পেয়ে পর্দায় রোমাঞ্চ ছড়াচ্ছে দর্শকদের মাঝে। এর আগে ‘মারি ২’ সিনেমার কালজয়ী ‘রাউডি বেবি’ গানে তাদের অনবদ্য রসায়ন ভক্তদের মন জয় করেছিল। 


দীর্ঘদিন পর এই জুটির ফের একত্র হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অনেকেই লিখছেন, ‘অবশেষে আমাদের প্রিয় রাউডি বেবি জুটি আবার ফিরল!’ রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই মেগা প্রজেক্টটিতে ধানুশ ও মাম্মুটি মূল কাণ্ডারীর ভূমিকায় রয়েছেন। 


প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির প্রাথমিক তারিখ ছিল গত ১৬ অক্টোবর। তবে রজনীকান্তের বহুল আলোচিত ‘জেলার ২’ সিনেমার সঙ্গে মুখোমুখি সাংঘর্ষিক মুক্তি এড়াতে এর দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। বর্ষীয়ান তারকা রজনীকান্তের প্রতি সম্মান জানিয়ে ধানুশ নিজেই পরবর্তীতে আগামী ২০ নভেম্বর নতুন মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করেন। ‘রামায়ণ’ বিতর্ককে পেছনে ফেলে সাই পল্লবীর এই অ্যাকশনধর্মী নতুন অবতার সিনেমাটি ঘিরে সিনেমা প্রেমীদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।