বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সাম্প্রতিক মুম্বাই সফরের পর থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের একাংশের ধারণা, এই তারকা দম্পতি হয়তো তাদের তৃতীয় সন্তানের আগমনী বার্তার অপেক্ষায় রয়েছেন। তবে এই বিষয়ে আনুশকা বা বিরাট—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি মুম্বাইয়ের ওর্লির এসভিপি স্টেডিয়ামে আয়োজিত আমেরিকান ভক্তিগীতি গায়ক কৃষ্ণ দাসের একটি লাইভ কীর্তনানুষ্ঠানে যোগ দেন আনুশকা ও বিরাট। গেটওয়ে অব ইন্ডিয়া হয়ে অনুষ্ঠানে পৌঁছানোর পর তাদের বেশ কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আনুশকাকে ছন্দে তাল মিলিয়ে তালি বাজাতে ও ভক্তিগীতি গাইতে দেখা যায়, যার ঠিক পাশেই মগ্ন হয়ে গান শুনছিলেন বিরাট। তবে সাধারণ পোশাকে উপস্থিত আনুশকার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে গর্ভধারণের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।
এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন মন্তব্য প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘আনুশকা কি আবার অন্তঃসত্ত্বা?’ আবার কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, ‘মনে হয় আনুশকা নিজেও টুইটার থেকেই খবর পান যে তিনি গর্ভবতী!’ মুহূর্তের মধ্যেই এই জল্পনাকেন্দ্রিক বহু পোস্ট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি এমনিতেই নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান ভামিকা এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুত্রসন্তান আকায়ের জন্ম হয়। এর আগেও একাধিকবার আনুশকাকে ঘিরে এমন জল্পনা তৈরি হয়েছে। বিয়ের পরপরই ২০১৮ সালে প্রথম সন্তান নিয়ে গুঞ্জন উঠলে তিনি সেটিকে ‘অনগ্রসর মানসিকতা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে ভক্তদের উৎসুক চোখ আপাতত এই তারকা দম্পতির পরবর্তী বার্তার দিকেই তাকিয়ে রয়েছে।