বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 29, 2026
October 29, 2026
বিনোদন
বিনোদন

ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়

Published: October 29, 2026 at 09:44 AM
ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়

এ বছরের ফুটবল বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য গৌরবের। না, খেলায় অংশ নেয়নি বাংলাদেশ। তবে বাংলাদেশী বংশোদ্ভূত সঞ্জয় দেব গান করেছেন ফিফা বিশ্বকাপের জন্য। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন এই আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার। ফিফা মাতানোর পর ঢাকায় এসেও কনসার্ট করেছেন সঞ্জয়। ফের ঢাকা মাতাবেন তিনি। ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয়। একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই জানান, টেকনোর স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন তিনি। সঞ্জয় বলেন, ‘ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ। আয়োজনের পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন। উল্লেখ্য, ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এই প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল।