সারাদিন ফোনের নোটিফিকেশন, কাজের চাপ, বন্ধুদের মেসেজ আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তা হলে আজ একটু বিরতি নিতেই পারেন। কারণ, একা থাকারও আছে আলাদা মজা! নিজের পছন্দের খাবার খাওয়া, মনের মতো সিনেমা দেখা কিংবা কারও ফোনের উত্তর না দিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া- সবই হতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর অংশ। এমনই নিরিবিলিতে থাকার ভাবনা নিয়ে পালিত হয় ‘হারমিট ডে’ বা একান্তে থাকার দিন। একাকী থাকা মানেই মন খারাপ করে বসে থাকা নয়। মাঝেমধ্যে মানুষের ভিড় থেকে দূরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটানোও বেশ আরামের। কেউ নিরিবিলিতে বই পড়তে ভালোবাসেন, কেউ গান শুনতে, আবার কেউ এক কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকতেই খুঁজে পান শান্তি। আর যারা সারাক্ষণ ‘অনলাইন’, তাদের কাছে দিনটি ফোনটাকে একটু বিশ্রাম দেওয়ারও উপলক্ষ হতে পারে! একসময় ধর্মীয় সাধনা ও ঈশ্বরের সঙ্গে একান্তে সংযোগ স্থাপনের জন্য যারা নির্জনে বসবাস করতেন, তাদের বলা হতো ‘হারমিট’। তবে এখন নিরিবিলিতে থাকার কারণ অনেক। কেউ মানসিকভাবে চাঙা হতে চান, কেউ নিজের ভাবনাগুলো গুছিয়ে নিতে চান, আবার কেউ মানুষের ভিড় থেকে দূরে থেকে কিছুটা স্বস্তি খোঁজেন। তবে নিজের সঙ্গে সময় কাটানো আর নিঃসঙ্গতায় ভোগা এক বিষয় নয়। ইচ্ছা করে কিছুক্ষণ একা থাকা যেমন আরাম দিতে পারে, তেমনই দীর্ঘদিন একাকী থাকলে মন খারাপও হতে পারে। তাই প্রয়োজন বুঝে নির্জনতা আর প্রিয়জনদের সঙ্গ দুটির মধ্যে ভারসাম্য রাখা জরুরি। হারমিট ডে-র সঙ্গে আয়ারল্যান্ডের সাধক সেন্ট কোলম্যান ম্যাক ডুয়াগের নামের যোগসূত্রের কথা বলা হয়। ক্যাথলিক গির্জায় তাঁর স্মরণদিবস পালিত হয় ২৭ অক্টোবর। ষষ্ঠ শতকে আয়ারল্যান্ডের গলওয়ে অঞ্চলে জন্মগ্রহণ করেন সেন্ট কোলম্যান। প্রচলিত কাহিনি অনুযায়ী, ঈশ্বরের সঙ্গে একান্তে সংযোগ স্থাপনের উদ্দেশে তিনি বারেন অরণ্যে সাত বছর নির্জনে কাটিয়েছিলেন। তাঁর এই জীবনযাপন নির্জনবাসীর ধারণার সঙ্গে মিলে যায়। সেন্ট কোলম্যানের স্মরণদিবসের কাছাকাছি সময়ে হারমিট ডে পালিত হয়। আধুনিক জীবনের কোলাহল থেকে সাময়িক বিরতি নিয়ে নিজেকে সময় দেওয়ার কথা মনে করিয়ে দেয় দিনটি।
কীভাবে কাটাবেন দিনটি?
কিছুক্ষণের জন্য নোটিফিকেশন বন্ধ রাখুন। তবে জরুরি ফোনের ব্যবস্থা চালু রাখতে ভুলবেন না। অন্যের পছন্দের তালিকা নয়, আজ বেছে নিন নিজের পছন্দের সিনেমা বা সিরিজ। পছন্দের খাবার আনিয়ে নিতে পারেন, কিংবা রান্নাঘরে নিজের জন্য বানিয়ে ফেলতে পারেন বিশেষ কিছু। এক কাপ চা বা কফি, সঙ্গে পছন্দের বই নিজের সঙ্গে সময় কাটানোর এর চেয়ে সহজ উপায় আর কী! সব সময় উৎপাদনশীল হতে হবে, এমন কোনও নিয়ম নেই। চাইলে আরাম করুন, গান শুনুন কিংবা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখুন। মনে রাখবেন, একা থাকার দিন মানে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়। বরং নিজের পছন্দমতো কিছুটা সময় কাটিয়ে নতুন উদ্যমে ফিরতে পারাই এই দিনের মজা।