আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
বুধবার চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক বিশেষ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মশালায় মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ, সাইবার সুরক্ষা ও ট্রাফিক আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, মাদক বহু অপরাধের অন্যতম কারণ। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ, যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহের কোনো ঘটনা চোখে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
আত্মহত্যা প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, জীবন অমূল্য; কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা মানসিক কষ্টের কারণে হতাশ হয়ে পড়লে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশা অনুভব করলে পরিবার, শিক্ষক, বন্ধু কিংবা পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে গৌতম কুমার বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা এবং ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। একই সঙ্গে ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে নিজের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখা সম্ভব বলে উল্লেখ করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বিকাশে ‘সততা স্টোর’-এর ধারণা তুলে ধরা হয়। এ ছাড়া ধূমপান, যৌতুক, অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা ‘ব্যাড টাচ’, প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা তুলে ধরেন।
কর্মশালার শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‘আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব—সচেতন নাগরিক হব’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জিয়াউর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।