গোমস্তাপুরে দিনব্যাপী নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সোনাবর আদর্শ কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপুর সাগেন সাকাম যুব স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় রূপসী বাংলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুমারপাড়া কিশোরী ক্লাব। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। কমিটির সভাপতি প্রদীপ হেবরনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি সদস্য ইমামুল হক, নারী ইউপি সদস্য জুলেখা খাতুন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ডা.আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। দলগুলো হলো—উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প পাড়ল, রূপসী বাংলা, শ্রীকান্ত একাদশ তানোর, জুনিয়র গার্লস, ম্যাকস ফুটবল একাদশ সুন্দরপুর, ধামইরহাট উপজেলা গ্রিন ভয়েস, জুমারপাড়া কিশোরী ক্লাব ও রাজশাহী কিংস ফুটবল দল।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।