সোমবার ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় মহাষ্টমী উদ্‌যাপন চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা বিচ্ছেদের পর নতুন ছবিতে ধরা দিলেন শেহতাজ চীনের প্রত্যন্ত তৃণভূমিতে এআইয়ের বিশাল কম্পিউটিং কেন্দ্র, বদলে যাচ্ছে অর্থনীতি জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে সাফাই ভেনেজুয়েলার বিরোধী জোটের নেতা হিসেবে মাচাদোর প্রতি ফের সমর্থন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর
Printed on: October 19, 2026
October 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা

Published: October 19, 2026 at 02:42 PM
চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। গত রোববার রাতে তারা মণ্ডপগুলো পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ডিআইজি ও পুলিশ সুপার আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।

ডিআইজি মো. আশিক সাঈদ আয়োজক কমিটি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের জানান, জেলার সব পূজামণ্ডপে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়ামি ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনারি) জিয়াউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার

সোমবারও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। দুপুরে তিনি জেলা শহরের স্কুল-কলেজ রোডে অবস্থিত সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির এবং বড় ইন্দারা মোড়ের প্রতাপচন্দ্র দাস দুর্গামন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান পুলিশ সুপার। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন করছেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সার্বক্ষণিক নজরদারি করছে।

এ সময় জেলা পুলিশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পূজা শুরু হওয়ার পর থেকে পুলিশ সুপার প্রতিদিন বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।

জেলায় ১৬৪ মণ্ডপে দুর্গাপূজা

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলায় মোট ১৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১৫৯। অর্থাৎ এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে পাঁচটি।

উপজেলাভিত্তিক হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬১টি, শিবগঞ্জে ৫১টি, গোমস্তাপুরে ৩২টি, নাচোলে ১৭টি এবং ভোলাহাটে তিনটি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপকে আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তাব্যবস্থা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।