চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় ভটভটির ধাক্কায় জোৎস্না আরা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোৎস্না আরা বেগম গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীগ্রাম এলাকার মতিউর রহমানের স্ত্রী।
পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান জোৎস্না আরা। এ সময় মাধাইপুর গ্রামে সড়ক পারাপারের সময় একটি ভটভটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। তবে রাজশাহী নেওয়ার পথে রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।