চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে দুটি বিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলাশহরের পুরাতন বাজারে অবস্থিত কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এর আগে নবাবগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহার এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ডাবের খোসা, দইয়ের পাত্রসহ যেকোনো পরিত্যক্ত পাত্র যেখানে-সেখানে ফেলে রাখা যাবে না। এসব পাত্রে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে। এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়।
তাঁরা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান।
কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক খালেদা বেগম, সহকারী শিক্ষক নাসরিন আখতার ও শাহনাজ পারভীন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, প্রচারাভিযান সম্পাদক আর রাফি, গণমাধ্যম সম্পাদক রিফাত রায়হান, তথ্যায়ন সম্পাদক আজমারুল ইসলাম, সদস্য আল-আমীন, সাখাওয়াত হোসেন, আব্দুল ওয়াখিল, ইমন খান, উম্মে ফাতেমা পুষ্পিতা, নাজমা খাতুন ও খাদিজাতুল কুবরা। এ ছাড়া প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। প্রচার কার্যক্রমে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।