চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সুন্দরপুরের আলহাজ আবদুস সামাদ কলেজের হলরুমে ওয়ার্ল্ড ভিশনের এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. রুকনুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু অধিকার কর্মকর্তা আবু তৈয়ব এম. রহমান। এ ছাড়া কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মো. পলাশ আহমেদ, মো. আয়াতুল্লাহ ও মো. আবদুল কাদের।
সংলাপে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব, শিশুদের মৌলিক অধিকার, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচকরা বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষাজীবন, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে, শিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন তাদের সুস্থভাবে বেড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই শিশুদের অধিকার রক্ষা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের সব শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের মতামতকে গুরুত্ব দিতে হবে। যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতার ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশু সুরক্ষা শুধু পরিবারের দায়িত্ব নয়, বরং এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
সংলাপে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সচেতনতা তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে বাল্যবিবাহকে ‘না’ বলা, শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করা এবং প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।