চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার দিবস উপলক্ষে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম আজিজি।
আলোচনায় প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইমাম মোঃ মজিবুর রহমান, মোসাঃ হাওয়া বেগম, অভিভাবক মোঃ কাওশার আলী এবং SSBC প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মণ্ডলসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সহিংসতা প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এটি প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশুদের নিরাপদ, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।