মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 06, 2026
October 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত স্ত্রী ও দুই সন্তান

Published: October 06, 2026 at 12:23 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত স্ত্রী ও দুই সন্তান

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি ফিলিং স্টেশন ও ইটভাটার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। পরে স্থানীয় হাসপাতালে পরীক্ষা করানো হলে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

অবস্থার অবনতি হলে গতকাল দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, নিহত রিংকুর স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীর শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। স্থানীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।