চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে মো. সোহাগ আলী (৩০) এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. সারোয়ার (২২)।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর মডেল থানার একটি দল অভিযানটি পরিচালনা করে।
গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া গ্রামের মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সোহাগ আলী ও সারোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।