চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিজিবি জানায়, রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের একটি বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় মো. মনিরুলের ছেলে মো. কালামের (৩০) বাড়ির সামনে খড়ের গাদার নিচে একটি কালো বালতির ভেতরে ককটেলগুলো দেখতে পায় বিজিবি সদস্যরা।
পরে বিজিবি ঘটনাস্থল ঘিরে ফেলে শিবগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে ককটেলগুলো উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে ককটেলগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সম্প্রতি একাধিকবার ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের বিষয়টি বিজিবির নজরে রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রঘুনাথপুর বিওপির অদূরে মনিরুলের বাড়ির পাশ থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।