চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
পরে জব্দকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।