চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাউসনগর গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তাঁর মেয়ে লিমু খাতুন (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনেই মা-মেয়ের চা-বিস্কুটের দোকান ছিল। রোববার সকালে বৃষ্টির মধ্যে দোকান খুলতে যান মিলি আরা। এ সময় বাড়ি থেকে দোকানে নেওয়া বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়ে টিনের দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে, দোকানের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলি আরা। পরে মাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ে লিমু খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত মা-মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই পরিবারের মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।