মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
বিনোদন
বিনোদন

অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রের তালিকা প্রকাশ

Published: November 24, 2026 at 12:56 PM
অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রের তালিকা প্রকাশ

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের আয়োজক সংস্থা দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আগামী বছরের জন্য ডকুমেন্টারি ফিচার, আন্তর্জাতিক ফিচার এবং অ্যানিমেটেড ফিচার বিভাগে বিবেচিত হতে পারে এমন চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে দুটি বিভাগ রেকর্ড গড়েছে। ‘সেরা অ্যানিমেটেড ফিচার’ অস্কার পুরস্কারের জন্য ৩৮টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এই বিভাগে অস্কারের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে ‘সেরা আন্তর্জাতিক ফিচার’ অস্কারের জন্য ১০৪টি চলচ্চিত্র বিবেচিত হওয়ার যোগ্য বলে গণ্য হয়েছে, যা এই বিভাগেও একটি রেকর্ড। এছাড়া ডকুমেন্টারি বিভাগে পুরস্কারের জন্য ১৯০টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে।


অ্যানিমেটেড ফিচার বিভাগে এগিয়ে থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’, ‘কয়োট ভার্সেস অ্যাকমি’, ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’ এবং ‘শন দ্য শিপ: দ্য বিস্ট অব মসি বটম’-এর মতো জনপ্রিয় সব কাজ; পাশাপাশি তালিকায় রয়েছে ‘ওয়াইল্ডউড’ ও ‘ট্যাঙ্গলস’-এর মতো চলচ্চিত্র।


এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোর মধ্যে ‘অল ইউ নিড ইজ কিল’, ‘মোবাইল স্যুট গান্ডাম হ্যাথাওয়ে: দ্য সোরসারি অব নিম্ফ সার্সি’, ‘আই অ্যাম ফ্র্যাঙ্কেল্ডা’, ‘ডেকোরাডো’ এবং ‘কসমিক প্রিন্সেস কাগুইয়া’ পুরস্কারের দৌড়ে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডকুমেন্টারি বিভাগের চলচ্চিত্রগুলো সংগীত, শিল্পকলা, খেলাধুলা, সত্য অপরাধ (ট্রু ক্রাইম) এবং রাজনীতির মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত।


এর মধ্যে এগিয়ে রয়েছে ‘ইউ ক্যান সি এভরিথিং’, যা বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে; এই ধরনের চলচ্চিত্রের জন্য এটি একটি বিরল অর্জন। অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নাইফ: দ্য অ্যাটেম্পটেড মার্ডার অব সালমান রুশদি’, ‘মার্ক বাই সোফিয়া’, ‘আস্ক ই জিন’, ‘অ্যাভেডন’, ‘লর্ন’, ‘দ্য এআই ডক: অর হাউ আই বিকেম অ্যান অ্যাপোক্যালঅপটিমিস্ট’, ‘মাস্ক’, ‘এপিক: এলভিস প্রিসলি ইন কনসার্ট’, ‘ম্যান অন দ্য রান’, ‘বিলি প্রেস্টন: দ্যাটস দ্য ওয়ে গড প্ল্যানড ইট’, ‘দ্য ট্রায়াল অব অ্যালেক বল্ডউইন’, ‘মাই আনডিজায়ারেবল ফ্রেন্ডস: পার্ট ২ এক্সাইল’ এবং ‘ফ্রি লিওনার্ড পেল্টিয়ার’।


আন্তর্জাতিক ফিচার বিভাগে এগিয়ে থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ইয়েলো লেটারস’, ‘শেম অ্যান্ড মানি’, ‘আং’ এবং ‘মিডডে মিল’। এছাড়া ভারতের ‘গোন্ধাল’ চলচ্চিত্রটিও আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিবেচিত হওয়ার যোগ্য।একাডেমি উল্লেখ করেছে, পরবর্তী ধাপে যাওয়ার আগে কিছু চলচ্চিত্রকে এখনও তাদের প্রয়োজনীয় প্রেক্ষাগৃহে প্রদর্শন সম্পন্ন করতে হবে এবং এই বিভাগের অন্যান্য নিয়মগুলোও পূরণ করতে হবে।


অ্যানিমেশন শাখার সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে পাঁচজন মনোনীত প্রার্থীর জন্য ভোট দেন। অন্যান্য শাখার সদস্যরাও এতে অংশ নিতে পারেন, তবে শর্ত হলো তাদের ন্যূনতম কিছু চলচ্চিত্র দেখার শর্ত পূরণ করতে হবে। অ্যানিমেটেড ফিচারগুলো সেরা চলচ্চিত্রসহ অন্যান্য বিভাগেও প্রতিযোগিতা করতে পারে এবং কোনো দেশের আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র জমা দেওয়ার বিষয়টিও অ্যানিমেটেড ফিচার হিসেবে বিবেচিত হতে পারে। আগামী বছরের ১৪ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে।