মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাকসহ চালক আটক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১৪৫ বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৯ জনের, নতুন আক্রান্ত ১৩৫১ ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
Printed on: November 24, 2026
November 24, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

Published: November 24, 2026 at 11:20 AM
বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।  একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালে প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে।  স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি। আজ ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এসব বিষয় উঠে আসে। সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।


বাংলাদেশের এলডিসি উত্তরণকে টেকসই করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে বাংলাদেশের রফতানি পণ্যের জন্য কানাডার অগ্রাধিকারমূলক বাজারসুবিধা ২০৩২ সাল পর্যন্ত বহাল রাখার আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে কানাডার দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টিও উঠে আসে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে।


এছাড়া ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ঘোষিত ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের বিকাশ, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও কৃষি উদ্ভাবনে এ সহায়তা কাজে লাগানোর কথা রয়েছে। দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।


রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে এ সংকট মোকাবিলায় ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দেওয়ার কথাও জানায় দেশটি।


রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।


গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুই পক্ষ বলেছে, রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বৈঠক শেষে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ ও কানাডা।