বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
Printed on: September 30, 2026
September 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’

Published: September 30, 2026 at 03:28 PM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’

বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’। বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি এর প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলতে এসব সভার আয়োজন করা হচ্ছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে পরিচালিত গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারিজ (জিপিইসিএম-৩) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এ সচেতনতামূলক সভার আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার, নাট্যকার, কলামিস্ট এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের শিক্ষক মো. জোনাব আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. জোনাব আলী বলেন, “বাল্যবিবাহ একটি শিশুর মৌলিক অধিকার, শিক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নের অকালমৃত্যু ঘটায়। সমাজ থেকে এই কুপ্রথা পুরোপুরি নির্মূল করতে হলে শিক্ষক, অভিভাবক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা তৈরি করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. মনিরুল ইসলাম। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে আলেম সমাজের ইতিবাচক ভূমিকার কথা বলেন।

এদিকে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়েও একই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, টাউন হাই স্কুল জামে মসজিদের সভাপতি আব্দুস সাত্তার, মসজিদের ইমাম মহসিন উদ্দিন, অভিভাবক আবু বাকের, সুধীজন আব্দুল্লাহ হেল কাফি এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসরিন খাতুন ও রেবেকা সুলতানাসহ অন্যরা।

সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আবু ওবায়দা ও প্রিয়াংকা হালদার। সভা সঞ্চালনা করেন নিলুফার ইয়াছমিন।

বক্তারা বাল্যবিবাহের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে এর বিরুদ্ধে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ ছাড়া পলশা উচ্চ বিদ্যালয়েও একই কর্মসূচির আওতায় ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক হোসেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে।