চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় এডিস মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হচ্ছে। এ সময় মশার বংশবিস্তার রোধে অবহেলার অভিযোগে দুটি বাড়ির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও ওয়ালটন মোড় এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন গঠিত ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্কাউটস সদস্যরা অংশ নেন।
অভিযানে ৯ থেকে ১০টি স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়। পূর্ব পাঠানপাড়ার দুটি বাড়িতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ঘটনায় মশার বংশবিস্তার রোধে অবহেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাড়ি দুটির মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ১ হাজার টাকা এবং অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টিম লিডার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও ওয়ালটন মোড় এলাকায় টিম-২-এর বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং সেগুলো ধ্বংস করা হয়।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ, র্যালি ও আলোচনা সভা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালানো হচ্ছে।
তবে সচেতনতামূলক কার্যক্রমের পরও বিভিন্ন বাড়ির ছাদ, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও নিজ নিজ বাড়ি-প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা জরুরি।
অন্যদিকে বুধবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে টিম-৩ জেলা প্রশাসকের বাসভবন, সার্কিট হাউস ও নিয়মতনগর এলাকায় অভিযান পরিচালনা করে। পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি নার্সারির ফুলের টবে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করা হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করে।